খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বাবুল মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন ধবংস করা হয়েছে। গত ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট শাহ মো. জহুরুল হোসেন। এসময় পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করে। সাজাপ্রাপ্ত বাবুল মিয়া উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোরচর গ্রামের সোনামিয়ার ছেলে। উপজেলা প্রশাসন-সূত্রে জানা যায়, ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার সবুজপুর, পোল্লাকান্দি, বাছেতপুর এলাকায় ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার। এসময় সবুজপুর এলাকায় ২টি অবৈধ ড্রেজার মেশিন ধবংস করা হয়। বাছেতপুর গ্রামের অবৈধ বালুব্যবসায়ী বাবুল মিয়াকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া বাহাদুরাবাদ পোল্লাকান্দি এলাকায় ব্রহ্মপূত্র নদের তীরে বালু উত্তোলনের ব্যবহৃত ৩টি অবৈধ ড্রেজার মেশিন ধবংস করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট শাহ মো. জহুরুল হোসেন সাংবাদিকদের জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এসব অভিযান অব্যাহত থাকবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।
দেওয়ানগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ১ জনের ৬ মাসের কারাদন্ড
