শেরপুর সংবাদদাতা
‘মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এবং জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি অংশ নেয়। খেলায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ১-০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাইনউদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঞা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
