সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী সংবাদদাতা
জামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন (১০) নামে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ১১ মে সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন হাটবাড়ি গ্রামের শাহীন মিয়ার ছেলে বলে জানা গেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়িতে বসে লিচু খাচ্ছিলো ইয়াসিন। খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় লিচুর বিচি আটকে যায়। এসময় ইয়াসিন চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী জানান, শিশুটিকে তার পরিবার সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালে এনেছিল, কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।