ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহাকে নিয়ে নির্মিত হয়েছে নতুন দুটি একক নাটক। ভিন্ন গল্প ও চরিত্রে তাঁদের দেখা যাবে ‘ভালো আছো তো’ ও ‘ত্রিভুজ’ নাটকে। এরই মধ্যে নির্মাতা জাকারিয়া সৌখিনের ‘ভালো আছো তো’ নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে মাসরিকুল আলম পরিচালিত ‘ত্রিভুজ’ নাটকের শুটিং শেষ হয়েছে। শিগগিরই এটি অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।
অল্প সময়ের ব্যবধানে একাধিক একক নাটকে জুটি বেঁধে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছেন অপূর্ব ও নীহা। তাঁদের পর্দার রসায়ন ঘিরে দর্শকদের আগ্রহ থাকায় নির্মাতারাও এই জুটিকে নিয়ে নতুন গল্প তুলে ধরছেন। এবারের দুই নাটকেও থাকছে আলাদা কাহিনি ও ভিন্ন ধরনের চরিত্র।
‘ভালো আছো তো’তে অপূর্ব-নীহা
জাকারিয়া সৌখিনের পরিচালনায় নির্মিত ‘ভালো আছো তো’ নাটকটির চিত্রনাট্যও লিখেছেন তিনি। অপূর্ব ও নীহা ছাড়াও এতে অভিনয় করেছেন আবিদ প্রান্ত, সাবেরী আলম, সমাপ্তি মাসুক, মাসুম বাসার ও মিলি বাসারসহ আরও অনেকে।
নাটকটি এরই মধ্যে সিএমভির ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এই কাজের মধ্য দিয়ে আবারও পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন অপূর্ব ও নীহা।
ভালোবাসা, সন্দেহ ও সম্পর্কের গল্প ‘ত্রিভুজ’
মাসরিকুল আলম পরিচালিত ‘ত্রিভুজ’ নাটকে ভালোবাসা, পারিবারিক দায়িত্ব ও দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে। এতে অপূর্ব ও নীহার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
নাটকের গল্পে ঋতু নামে এক লাইব্রেরিয়ানের অনুপ্রেরণায় লেখালেখি শুরু করে রুমী নামে এক তরুণ। লেখালেখির সূত্রে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, একপর্যায়ে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়। কিন্তু পারিবারিক দায়িত্বের কারণে রুমী একসময় ঋতুর জীবন থেকে সরে দাঁড়ায়।
এরপর ঋতুর বিয়ে হয় মিলন নামে এক ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু ঋতুর অতীত নিয়ে মিলনের অতিরিক্ত সন্দেহ তাঁদের দাম্পত্য জীবনকে জটিল করে তোলে। সম্পর্ক যখন ভাঙনের মুখে, তখন ঋতু ও মিলনের পাশে এসে দাঁড়ায় রুমী। এরপর গল্পে তৈরি হয় নতুন পরিস্থিতি।
ত্রিভুজ প্রেমের এই গল্প নিয়ে নির্মিত নাটকটির দৃশ্যধারণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। নির্মাতা মাসরিকুল আলম জানিয়েছেন, শিগগিরই নাটকটি অনলাইনে প্রকাশ করা হবে।
দুটি নাটকে আলাদা গল্প ও ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। নাটক দুটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন এই দুই তারকা।
অপূর্ব-নীহার নতুন দুই নাটক, মুক্তি পেল ‘ভালো আছো তো’
