অস্কারের দৌড়ে রণবীরের ‘রামায়ণ’

অস্কারের মঞ্চে এবার হলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে ভারতীয় ছবি ‘রামায়ণ’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) বিভাগের প্রাথমিকভাবে নির্বাচিত শীর্ষ ২০ ছবির তালিকায় জায়গা পেয়েছে রণবীর কাপুর অভিনীত নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি। এই তালিকায় আরও রয়েছে ‘ডুন: পার্ট থ্রি’, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, ‘দ্য ওডিসি’ ও ‘প্রজেক্ট হেইল মেরি’র মতো আলোচিত হলিউড ছবি। অ্যাকাডেমির ভিজ্যুয়াল ইফেক্টস শাঁখা প্রাথমিক তালিকায় থাকা সিনেমাগুলোর সংশ্লিষ্ট দলকে বিষয়টি জানিয়েছে। তবে অ্যাকাডেমি এখনও আনুষ্ঠানিকভাবে তালিকাটি প্রকাশ বা নিশ্চিত করেনি। ফলে ‘রামায়ণ’-এর এই অর্জনকে চূড়ান্ত মনোনয়ন হিসেবে দেখার সুযোগ নেই। ছবিটির ভিজ্যুয়াল ইফেক্টসের দায়িত্বে রয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিএনইজি। হলিউডের ‘ডুন’ ও ‘ইন্টারস্টেলার’-এর মতো সিনেমায় কাজ করেছে প্রতিষ্ঠানটি। ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য এ পর্যন্ত আটটি অস্কারও জিতেছে তারা। ফলে ‘রামায়ণ’-এর কারিগরি কাজ নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে। প্রাথমিক শীর্ষ ২০-এর তালিকায় থাকা অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, স্টিভেন স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’, ‘সুপারগার্ল’, ‘স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’, ‘গডজিলা মাইনাস জিরো’, ‘মোয়ানা’ এবং ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। তালিকায় সবচেয়ে বেশি চারটি সিনেমা রয়েছে ডিজনির। অন্যদিকে সনি পিকচার্সের রয়েছে তিনটি ছবি। এর মধ্যে ‘রামায়ণ: রাইজ অব আ লিজেন্ড’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ উল্লেখযোগ্য। এর আগে এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ৯৫তম অস্কারের ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের প্রাথমিক শীর্ষ ২০-এর তালিকায় জায়গা পেয়েছিল। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের তালিকায় স্থান পায়নি ছবিটি। এবার ‘রামায়ণ’ সেই ধাপ পেরিয়ে চূড়ান্ত মনোনয়ন পায় কি না, তা জানতে অপেক্ষা করতে হবে। আগামী ৭ থেকে ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী ধাপের ভোটগ্রহণ। এরপর ১৫ ডিসেম্বর ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ১০টি সিনেমার নাম প্রকাশের কথা রয়েছে। জানুয়ারিতে নির্বাচিত সিনেমাগুলোর ভিজ্যুয়াল ইফেক্টস উপস্থাপনা অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। আগামী বছরের ১৪ মার্চ হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মূল আয়োজন।