ইসলামপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু’র ব্যক্তিগত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ডাক বাংলোতে থাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ীও ভাংচুর করা হয়। এমপির গাড়ী ভাংচুরের প্রতিবাদে রাতে শহরে বিএনপি,যুবদল,ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে থানামোড় বটতলা চত্তরে পথসভায় তারা দুস্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবী জানান।
জানা যায়, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব শুরু থেকেই স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবুর বাইরে একটি বলয় সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু উপজেলার মলমগঞ্জে এলাকায় একটি কলেজের অনুষ্ঠানে উপস্থিত হলে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত এবং পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসানকে স্টেজ থেকে নেমে যেতে নির্দেশ দেয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব। এতে করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় উপজেলা ডাকবাংলোতে যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডেকে পাঠান এমপি। এরই ফাঁকে বাহিরে দূর্বৃত্তরা এমপির ব্যক্তিগত গাড়ি ও নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাংচুর করেন। এরপর শহরে চরম উত্তেজনা তৈরি হয়। এ বিষয়ে জানতে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।
এ বিষয়ে সুলতান মাহমুদ বাবু এমপি বলেন, নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়িটি ভাংচুর করেছে। দ্রুত এদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে ওসিকে বলেছি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে কেউ এখনো অভিযোগ করেনি।
ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর প্রতিবাদে বিক্ষোভ
