এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। মঈন উদ্দিন খান বলেন, গত ২২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মনিরা শারমিনের কিছু ডকুমেন্টে ঘাটতি ছিল। সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে বলা হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এরপর সংরক্ষিত নারী আসন সংক্রান্ত আইন ও আরপিও’র প্রাসঙ্গিক ধারা পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, তিনি কৃষি ব্যাংকের মতো একটি স্ট্যাটিউটরি পাবলিক অথরিটিতে কর্মরত ছিলেন। আরপিও অনুযায়ী এমন প্রতিষ্ঠান থেকে চাকরি ছাড়ার বা অবসরের পর নির্বাচনে অংশ নিতে কমপক্ষে তিন বছর অতিবাহিত হতে হয়। কিন্তু তার ক্ষেত্রে সেই সময়সীমা পূরণ হয়নি। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন। উল্লেখ্য, মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে যোগ দেন এবং রাজনীতিতে যুক্ত হওয়ার পর ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি থেকে পদত্যাগ করেন। আইন অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর না পার হলে নির্বাচনে অযোগ্য বিবেচিত হন। এ কারণেই তার মনোনয়ন বাতিল করে ইসি। এদিকে এই সিদ্ধান্তের ফলে জামায়াত জোটের সংরক্ষিত নারী আসনের একটি আসন কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ওই আসনটি নতুন বণ্টনে উন্মুক্ত হিসেবে গণ্য হলে বিএনপি জোটের দিকে যেতে পারে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন। দুই দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র মোর্চার একজনসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।