কুড়িগ্রামে বাজারে আগুন, পুড়ল ৯৫ দোকান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বাজারে আগুন লেগে ৯৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। জানা গেছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি কাপড়ের দোকানে আগুন লেগে গোটা বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পাশের নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নেভায়। তবে তার আগেই প্রায় দেড় ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে বাজারের ৮০টি কাপড়ের দোকান, জাকের পার্টির অফিস এবং ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকানসহ আরও ১৫টি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ী, তারা প্রায় সবাই ঋণ নিয়ে ব্যবসা করছেন। এখন সবাই নিঃস্ব হয়ে গেলেন। তিনি পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার দাবি জানান। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (৫ নম্বর ইউনিয়ন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।