গুরনুর ব্রারকে শাস্তি দিলো আইসিসি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারত জয় পেলেও ব্যক্তিগতভাবে দুঃসংবাদ পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। ম্যাচ চলাকালে ব্যাটারের দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছোড়ার ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনুষ্ঠানিক সতর্কবার্তা পেয়েছেন এই ডানহাতি পেসার। আইসিসি এক বিবৃতিতে জানায়, ব্রার আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে বা তার আশপাশে অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে বল নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ। ঘটনাটি ঘটে বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে। ফিল্ডিং করার সময় ব্রার বল কুড়িয়ে নিয়ে ব্যাটারের দিকে এমনভাবে ছুড়ে মারেন, যা আইসিসির মতে ছিল অনুপযুক্ত এবং বিপজ্জনক। এ ঘটনায় তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি ব্রারের প্রথম অপরাধ। আইসিসির এলিট ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য রিচি রিচার্ডসন প্রস্তাবিত শাস্তি মেনে নেন ব্রার। নিজের অপরাধও স্বীকার করে নেওয়ায় এ ঘটনায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আচরণবিধি অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া যেতে পারে। শাস্তি পেলেও ম্যাচে বল হাতে কার্যকর ছিলেন গুরনুর ব্রার। তিনি দুটি উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।