গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ কর্মসূচি গতকাল বুধবার সকালেও অব্যাহত ছিল। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়। অবরোধের বিভিন্ন স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পুড়িয়ে দেওয়া গাড়ির ধ্বংসাবশেষ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এ ছাড়া রামচন্দ্রপুর (রওশনপুর), সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়েও অবরোধ চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অবরোধ শুরু হয়। এতে অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলফাবাজার মোড়ে অবস্থান নেওয়া এক অবরোধকারী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে। এদিকে, গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজাতে দেখা গেছে। অন্যদিকে, অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একাধিক গাড়ি ও মোটরসাইকেল এবং বিজিবির গাড়ি ও সাঁজোয়া যানেও আগুন দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ আশপাশের অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতার চিহ্ন দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নাশকতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে রাতে মাইকিং করা হয়। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিক্ষুব্ধ লোকজন দলবদ্ধ হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালান। এ সময় থানা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পদক্ষেপ নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় গুলিতে দুজনসহ বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে, টুঙ্গিপাড়ার নিলফা বাজার এলাকায় সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে বিজিবির একটি দল পৌঁছায়। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন পুলিশের একাধিক গাড়ি, বিজিবি ও পুলিশের অন্তত চারটি যানবাহন এবং একটি সাঁজোয়া যানে আগুন দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করে রাখা হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলা শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের দোকানপাট খোলা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
গোপালগঞ্জে সড়ক অবরোধ, মাইকে ৭ মার্চের ভাষণ
