রশীদুল আলম শিকদার
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ০২ নং চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামে অতিবৃষ্টি ও ভারী বর্ষণের ফলে চলাচলের একমাত্র রাস্তাটি পানিতে ডুবে গেছে। এতে গ্রামের অন্তত ২৫০ থেকে ৩০০টি পরিবার পানিবন্দি হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে।
গতকাল ১১ জুলাই শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তর মকিরচর গ্রামের সাবেক ইউপি সদস্য বাদশা মন্ডলের বাড়ি থেকে উত্তর দিকে প্রায় ২৫০ মিটার রাস্তা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করে জানান, আজ থেকে প্রায় ১০-১২ বছর আগে সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্রিস আলী সরকারের আমলে এই রাস্তায় সর্বশেষ কাজ করা হয়েছিল। এরপর দীর্ঘ সময় পার হয়ে গেলেও বর্তমান বা বিগত কোনো চেয়ারম্যান কিংবা ইউপি সদস্যের পক্ষ থেকে রাস্তাটি সংস্কারের জন্য কোনো প্রকার বরাদ্দ দেওয়া হয়নি। শুকনো মৌসুমেও রাস্তাটির বেহাল দশা থাকার কারণে এখানে কোনো যানবাহন চলাচল করতে পারে না, আর বর্ষা এলে তো দুর্ভোগের কোনো সীমা থাকে না।
৭ নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বলেন, রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় এলাকার ছোট ছোট ছেলে-মেয়েদের পানিতে ডুবে মৃত্যুর চরম ভয় ও আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। একমাত্র যাতায়াতের পথটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না, ফলে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এছাড়া যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কোনো অসুস্থ রোগীকে সময়মতো হাসপাতালে নিয়ে সুচিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। একই সাথে পানিবন্দি অবস্থায় হাঁস-মুরগি ও গবাদি পশু পালন এবং তাদের নিরাপদ আশ্রয়ে রাখা নিয়ে তীব্র সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার শত শত পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে এবং যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং রাস্তাটি দ্রুত সংস্কারের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
চরআমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামের রাস্তার বেহাল অবস্থা
