নিজস্ব প্রতিনিধি
ছোট্ট হাতে বড় স্বপ্ন এই প্রত্যয়কে সামনে রেখে জামালপুরে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন চিলড্রেনস হ্যাভেন। সংগঠনটির জামালপুর শাখার উদ্যোগে ১১ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় জামালপুর জেলা প্রেসক্লাবে আয়োজিত অরফান গিভ অর্থায়নে ও চিলড্রেনস হ্যাভেন সহযোগিতায় এবং বাস্তবায়নে চিলড্রেনস হ্যাভেন জামালপুর শাখা এর সহায়তায় বিতরণ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় স্কুলব্যাগ, কলম, খাতা, পেনসিল, জ্যামিতি বক্স, রং পেনসিল, টিফিন বক্স, পানির বোতলসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি এ মানবিক উদ্যোগ। শিশুদের পড়াশোনা যাতে অর্থাভাবে ব্যাহত না হয়, সে লক্ষ্যে স্কুল ও কোচিংয়ের ফি বাবদ তাদের মায়েদের হাতে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। অনুষ্ঠানে সহায়তা পাওয়া শিশুরা তাদের জীবনের নানা প্রতিকূলতা, কষ্ট ও সংগ্রামের কথা আবেগঘনভাবে তুলে ধরে। তাদের মধ্য থেকে কয়েকজন নিজেদের অনুভূতি প্রকাশ করে অরফান গিভ ও চিলড্রেনস হ্যাভেনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। এ সময় শিশুদের চোখেমুখে আনন্দ ও নতুন করে স্বপ্ন দেখার প্রত্যাশা ফুটে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, প্রতিটি শিশুরই সুন্দরভাবে বেড়ে ওঠা এবং শিক্ষার সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। পারিবারিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। উল্লেখিত কর্মসূচিতে ১১ জন শিশু উপস্থিত ছিলেন ফাতেমা জান্নাত তীনা, সোহা, মারিয়া ইসলাম খাদিজা, সোয়া আক্তার, রাহাত, তাসফিয়া জান্নাত লাবিয়া, মরিয়ম, আয়াত, রাবিব, সকাল, রাইশা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি-সাহিত্যিক সাযযাদ আনসারী, চিলড্রেনস হ্যাভেন কেন্দ্রীয় জুনিয়র এডমিন অফিসার আল-আমিন বিশ্বাস, ঢাকা বিভাগীয় ভলেন্টিয়ার কোর্ডিনেটর মাহির ইকবাল, চিলড্রেনস হ্যাভেন জামালপুর শাখার সভাপতি আবিদুর রহমান চান, সাধারণ সম্পাদক সাগর মুখার্জি, আইটি সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, সদস্য মুন্না হাসান অন্তর, সবুজা বেগম, মোহাম্মদ সাব্বির, ভলেন্টিয়ার আরিফ, উজ্জ্বল প্রমুখ।
চিলড্রেন’স হ্যাভেন উদ্যোগে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ : শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ
