জটিল রোগে আক্রান্ত শিশু মারিয়ামের পাশে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীর ৬ বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা বা রক্তনালীর টিউমার আক্রান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জেনে শিশুটির চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার দুপুরে রাজধানীতে চিকিৎসায় আসা মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল এই চিকিৎসা সহায়তা তুলে দেয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি তাৎক্ষণিকভাবে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর গতকাল বুধবার দুপুরে ঢাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা অসুস্থ মারিয়ামের মা নাহিদ আখতারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পরিবারের কাছে পৌঁছে দেন এবং চিকিৎসা সহায়তা প্রদান করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হেম্যানজিওমা বা রক্তনালীর টিউমারে আক্রান্ত হওয়ার কারণে শিশু মারিয়ামের খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। মেয়ের এই অবস্থায় চরম উদ্বেগের মধ্যে দিন পার করছিলেন মা নাহিদ আখতার। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। এদিকে, সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এমন সহায়তা পেয়ে স্বস্তি ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিশুটির পরিবার। একইসঙ্গে মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। সহায়তা প্রদানকালে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেনÑ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদলের নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।