মুত্তাছিম বিল্লাহ
জামালপুরে দশ হাজার টাকার জন্য অটো ছিনতাই করে নিরীহ এক চালককে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার বিকালে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
নিহিত অটোচালক নায়েব আলী (৫০) মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের হোসেন আলী গাইরেলের ছেলে।
পুলিশ সুপার পংকজ দত্ত জানান, গত ২৩ জুন মধ্যরাতে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ডেফলা ব্রিজ এলাকায় একটি ধান ক্ষেত্র থেকে লাগেজ বন্দি অবস্থায় অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্বজনরা ইসলামপুর থানায় গিয়ে নায়েব আলীর মরদেহ সনাক্ত করে। ওই রাতে নিহত নায়েব আলীর ছেলে মো: মমিন বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা দায়ের করে। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই। হত্যা কান্ডের সাথে জড়িত থাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবাত রাতে মেলান্দহ উপজেলার চাকদহ সদারবাড়ী এলাকা থেকে মো: নাহিদুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার কুদরত উল্লাহ ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাহিদুল ইসলাম ঘটনার স্বীকারোক্তি দিয়েছে বলে জানান পুলিশ সুপার পংকজ দত্ত। নিহাদুল ইসলামের স্বীকারোক্তি বর্ননা দিয়ে তিনি জানান, তার সংসারের জন্য দশ হাজার টাকার প্রয়োজনে অটোরিক্সা চুরির পরিকল্পনা করে। পরে তিনি ও তার কয়েকজন সহযোগীদের নিয়ে গত ২১ জুন রাতে যাত্রী সেজে নায়েব আলীর অটোরিক্সায় উঠে এবং তাকে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে ও মরদেহ একটি ব্যাগে ভরে ফেলে দেয়।
পরে নিহাদুল ইসলাম সেই অটোরিক্সার বিভিন্ন যন্ত্রাংশ খুলে প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি করে। এরপর পিবিআই জেলার বিভিন্ন অটোরিক্সার দোকানে অভিযান পরিচালনা করে একটি মোবাইল ফোন ও সেই অটোরিক্সার ৪টি ব্যাটারী, ১টি কন্ট্রোলার, ৩টি চাকা, মোটর ডিপেন্সিয়াল, ২টি সকেট বাম্পার, অটোরিক্সার সামনের গ্লাসসহ লোহার বডির বিভিন্ন কাটা অংশ উদ্ধার করা হয়। এবং চোরাই মালামাল ক্রয়ের সাথে জড়িত থাকায় সোলাইমান কবির (৫০), শফিকুল ইসলাম (৪১), আব্দুল কাদের (৫৬), রাসেল হোসেন (৩৪) ও সাগর পাশা (২৬) কে গ্রেফতার করা হয়।
পংকজ দত্ত আরো বলেন, গ্রেফতার ব্যাক্তিদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তবে হত্যাকান্ডের সাথে জড়িত নাহিদুল ইসলামের অন্য সহযোগীদের এখনো গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
জামালপুরে দশ হাজার টাকার জন্য অটো চালককে হত্যা, গ্রেফতার ৬
