নিজস্ব সংবাদদাতা
জামালপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সাইদুর রহমান খোকার ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে সদর উপজেলা বিএনপি।
গত রোববার ৫ জুলাই রাতে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সাইদুর রহমান খোকা তার রাজনীতির যাত্রা শুরু করেছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত বিএনপির সাথে রাজনীতি করে কাটিয়েছেন এবং বিএনপির আদর্শ বুকে ধারণ করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। রাজনীতির চড়াই উতরাই পার হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনীতির অঙ্গনের আগে ও একজন রাজনৈতিক নেতা হয়েও জামালপুরের প্রতিটি অঙ্গনের সাথে তার সম্পর্ক ছিল। তিনি আরও বলেন, আমরা দুজন মিলে যখন বিভিন্ন প্রোগ্রামে যেতাম, তখন তিনি বলতেন আমার একটাই চাওয়া আমি তোমাকে এমপি হিসেবে দেখতে চাই। আল্লাহ পাকের রহমতে আমি এমপি নির্বাচিত হয়েছি কিন্তু সাইদুর রহমান খোকা আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমি ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ তাআলা সাইদুর রহমান খোকাকে বেহেস্ত নসিব করুন।
জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় স্মরণ সভা বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সহ-সভাপতি মো. লিয়াকত আলী, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হামিদী প্রমুখ। স্মরণ সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম সাইদুর রহমান খোকার বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নাসির উদ্দিন। স্মরণ সভা ও দোয়া মাহফিলে জেলা ও সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
