জামালপুরে ব্রহ্মপুত্র নদে ঝাপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আসমাউল আসিফ
জামালপুরে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদে ঝাপ দিয়ে নিখোঁজ আল আমিন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টার পর ওই যুবকের মরদেহ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীদের ধাওয়া খেয়ে কয়েকজন মাদকসেবী ব্রহ্মপুত্র নদে ঝাপ দেয়। এ সময় তাদের সবাই সাঁতরে নদের অপর তীরে উঠতে পারলেও আল আমিন নামে একজন মাঝ নদে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ব্রহ্মপুত্র নদে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের প্রায় সাড়ে ৪ ঘন্টা পর বিকেলের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর পরিবারের লোকজন আল আমিনের পরিচয় নিশ্চিত করে। এদিকে, একই সময় জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত ৫ জনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা অংশ নেন। জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, নদে ঝাপ দিয়ে নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করি। উদ্ধারের পর মরদেহ জামালপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ফায়ার সার্ভিস আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, অভিযান চলাকালে কোন ধাওয়া দেয়ার ঘটনা ঘটেনি। নদে ঝাপ দিয়ে মৃত্যুর বিষয়ে আমার জানা নেই।