নিজস্ব সংবাদদাতা
ভাগ্যবিড়ম্বিত শিশুদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বৈশাখী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার পহেলা বৈশাখে দিনব্যপী অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় শিশুরা অংশগ্রহণ করে।
বেলা তিনটায় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র বালক শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসনিম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা ও তত্ত্বাবধান করেন করেন কেন্দ্রে উপ-প্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান আলমগীর। তিনি মনোজ্ঞ সংগীতও পরিবেশন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আফসানা তাসনিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রতিটি নিবাসী শিশু খুবই মেধাবী। তাদের যথাযথ পরিচর্চা করা হলে তারা একদিন ভাল মানুষ হিসেব গড়ে উঠবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। তিনি বলেন এ কেন্দ্রে শিশুরা প্রচলিতধারায় পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনেক বেশী মনোযোগী। প্রতিটি অনুষ্ঠানে তাদের সংগীত ও নৃত্য পরিবেশন সবাইকে মুগ্ধ করে। তিনি কেন্দ্র পরিচালনার সাথে যুক্ত সংশ্লিষ্টদের সুস্থধারার সংস্কৃতি চর্চার প্রতি অধিক মনোনিবেশ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে কেন্দ্রের নিবাসী শিশুরা নৃত্য, সংগীত পরিবেশন করে। তাদের শৈল্পিক পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শক, শ্রোতারা প্রশংসা করেন।
জামালপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের বৈশাখী আয়োজন
