জ্বালানি সমস্যা সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সমস্যা মোকাবিলায় করণীয় বিষয়ে সুপারিশের জন্য ১০ সদস্যের প্রস্তাবিত কমিটি জাতীয় সংসদে পাশ হয়েছে। কমিটির মেয়াদ গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ৩০ দিন কার্যকর থাকবে। গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে এ কমিটি গঠনের প্রস্তাবটি সংসদে উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। পরে সেটি কণ্ঠ ভোটে পাস হয়। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন। চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকটে গঠিত কমিটি সুপারিশসহ সংসদে প্রতিবেদন প্রদান করবে। সরকার ও বিরোধী দল মিলে জাতীয় সংসদে কমিটি গঠনের এমন নজর বিরল। এর আগে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় রূপান্তরে সরকার ও বিরোধী দল একমত হয়েছিল। মধ্যপ্রাচে চলমান যুদ্ধকে কেন্দ্র করে দেশের ভেতরে তৈরি হওয়া জ্বালানী সংকট সমাধানে গত ২৩ এপ্রিল জাতীয় সংসদে ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কমিটিতে সরকারি দলের ৫ সদস্যরা হলেন, জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু, জ্বালানী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ এর সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ কমিটির সভাপতি করা হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকুকে। বিরোধী দলের পাঁচ সদস্য হলেন, সাইফুল আলম মিলন (ঢাকা-১২ আসন), আবদুল বাতেন (ঢাকা-১৬ আসন), মো. নূরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩ আমন), আবুল হাসনাত (কুমিল্লা-৪ আমন) এবং মোহাম্মদ আবুল হাসান (সিলেট-৫ আসন)।