ডেঙ্গুর ভ্যাকসিন আনতে অর্থ কোনো সমস্যা নয়: ডিএসসিসি প্রশাসক

ডেঙ্গু প্রতিরোধে ভ্যাকসিন আনতে অর্থের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ভ্যাকসিন আনতে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্দেশনা দিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ সবার দায়বদ্ধতা বাড়িয়েছে। তবে ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। জনগণ সচেতন না হলে সরকারের কোনো উদ্যোগেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব হবে না। তিনি আরো বলেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকট। বিরোধী দল ডেঙ্গু প্রতিকারে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কর্মসূচি দেয়নি। বিপরীতে তারা লং মার্চের মাধ্যমে জনভোগান্তি সৃষ্টি করছে। ডেঙ্গু প্রতিরোধে জরিমানা আদায়ের অর্থ ডেঙ্গুতে মারা যাওয়া দুস্থ নাগরিকদের পরিবারের মধ্যে বিতরণের প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া হবে জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসায় ব্যর্থতা ছিল। তারা পার্শ্ববর্তী দেশকে অযাচিত সুযোগ-সুবিধা দিতে গিয়ে দেশের সংকটকে অবহেলা করেছে। ঢাকা শহরের দুটি প্রধান সমস্যা হকার ও অটোরিকশা উল্লেখ করে তিনি বলেন, হকার ও অটোরিকশাচালকদের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনো সমস্যার সমাধান হয়নি। সরকার ও বিরোধী দলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে অচিরেই এসব সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।