দেওয়ানগঞ্জে মাদক সেবন ও মজুদের দায়ে এক ব্যক্তিকে এক বছর কারাদণ্ড ভ্রাম্যমান আদালতে

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও মজুদের দায়ে জিহাদ নামে এক ব্যক্তিকে এক বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। ১০ জুন বুধবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জহুরুল হোসেন এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন। জিহাদ মিয়া জেলার ইসলামপুর উপজেলার শেখ পাড়া গ্রামের তারা মিয়ার পুত্র। প্রশাসন সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের চিনি মিয়ার বাড়ীতে ভাড়া থাকতো জিহাদ মিয়া। সেখান থেকেই মাদক সেবন ও মাদক রাখার দায়ে জিহাদ মিয়া (২১) কে আটক করে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ জহুরুল হোসেন দণ্ড প্রদান বিষয়টি নিশ্চিত করেছেন নয়াদিগন্তকে। জিহাদ মিয়ার ভাড়া বাসা থেকে মাদক, সেবন ও মজুদের অনেক আলামত পাওয়া গেছে।