দেওয়ানগঞ্জে মোবাইলে টিকটক করার অপরাধে স্কুলশিক্ষার্থী বহিষ্কার

খাদেমুল ইসলাম
জামালপুরের দেওয়ানগঞ্জে মোবাইলে টিকটক করার অপরাধে মোছা. সিনথিয়া আক্তার শান্তা নামের এক স্কুলশিক্ষার্থীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ। সে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল ট্রেড জেনারেল ইলেকট্রিকস বিভাগের একজন শিক্ষার্থী। পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামের মো. সাজু মিয়ার কন্যা সে। মাতার নাম মোছা. রত্না বেগম। দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মসিহুর রহমানের ১১ মে, সোমবার স্কুলের প্যাডে এক লিখিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়ার কিছু টিকটক ছড়িয়ে পড়ার কারণে ঐতিহ্যবাহী স্কুলের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। যা অত্র বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী। ফলে স্কুলের ঐতিহ্য ও সুনামের স্বার্থে এবং অন্যান্য শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে উক্ত শৃঙ্খলাবিরোধী কাজে অংশগ্রহণ করতে না পারে সে কারণে তাকে অত্র বিদ্যালয় থেকে ছাড়পত্র প্রদান করে বহিষ্কার করা হয়েছে।