নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। তারা বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের নিকট জোর দাবি জানায়। গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠক এই দাবি জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, খেলাফত মজলিসের নায়েবে আমীর আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও জেনারেল সেক্রেটারি নিজামুল ইসলাম নাঈম, লিবারেল ডেমেক্রেটিম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বেল্লাল মিয়াজি, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ। সভায় বাংলাদেশের সীমান্তে ভারত কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা, দেশের আইন-শঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির উপর উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং নতজানু পররাষ্ট্র নীতি পরিহার করে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম দেশের উপযোগী পররাষ্ট্র নীতি গ্রহণ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংরক্ষণ বিশেষ করে বাংলাদেশের স্বার্থ ও মর্যাদা রক্ষার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। সভায় উপরোক্ত দাবিতে গৃহীত কর্মসূচি ঘোষণার জন্য আজ বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতজানু পররাষ্ট্র নীতি পরিহারের দাবি ১১ দলীয় ঐক্যের
