নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ৮ম দিনে ব্যাডমিন্টনে জমজমাট লড়াই

নিজস্ব সংবাদদাতা
জামালপুরে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” এর ৮ম দিনের খেলায় ব্যাডমিন্টন ও সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। ব্যাডমিন্টন বালক একক খেলায় জামালপুর পৌরসভার পক্ষে মোঃ সাকিব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার পক্ষে মোঃ তাহসিন মিনাল তপু অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চমৎকার পারফরম্যান্স দেখিয়ে জামালপুর পৌরসভার মোঃ সাকিব আল হাসান বিজয়ী হন। ব্যাডমিন্টন বালক দ্বৈত খেলায় জামালপুর সদর উপজেলার পক্ষে মোঃ আসিফ হোসেন সামি ও ইয়াসিন আরাফাত অংশ নেন। অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার হয়ে খেলেন মোঃ তামিম হাসান ও মোঃ সিয়াম আহমেদ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দুর্দান্ত সমন্বিত খেলায় দেওয়ানগঞ্জ উপজেলা বিজয় অর্জন করে।
ব্যাডমিন্টন বালিকা একক খেলায় জামালপুর পৌরসভার মোছাঃ শাহান এবং দেওয়ানগঞ্জ উপজেলার লিথি মনি অংশগ্রহণ করেন। দক্ষতা ও আত্মবিশ্বাসী খেলায় প্রতিপক্ষকে হারিয়ে জামালপুর পৌরসভার মোছাঃ শাহান বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। বালিকা দ্বৈত ব্যাডমিন্টন খেলায় জামালপুর পৌরসভার পক্ষে অংশ নেন মিমি ও মাইশা বিনতে মামুন। অন্যদিকে দেওয়ানগঞ্জ উপজেলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মোছাঃ হাসনাত জাহান ও জান্নাতুল ফেরদৌস রাফিয়া। প্রাণবন্ত এ খেলায় চমৎকার পারফরম্যান্স দেখিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা জয় লাভ করে।
এছাড়াও দিনব্যাপী বালিকাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় অনেকে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। খেলার শেষে আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা গড়ে তুলতেই “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” আয়োজন করা হয়েছে। প্রতিদিনের মতো এদিনও দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য যে, গত ২ মে তারিখে সারা দেশব্যাপী একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।