নিজ অস্ত্র দিয়ে কনস্টেবলের আত্মহত্যা

খুলনার রেলওয়ে পুলিশ লাইন্সে ডিউটিরত কনস্টেবল সম্রাট বিশ্বাসের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবর ভোর সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে খুলনা রেলওয়ের এসআরপি, সোনাডাঙ্গা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবলের স্ত্রী পূজা বিশ্বাসও পুলিশে চাকরি করেন। তিনি সাতক্ষীরা জেলায় কর্মরত। খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলার বাসিন্দা শৈলেন বিশ্বাসের ছেলে। তিনি গত বছরের ৩ নভেম্বর এখানে যোগদান করেন। তার আচার-আচরণ ভালো ছিল। ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। ভোর সাড়ে ৪টার দিকে তার ব্যবহৃত চাইনিজ রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।