নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে পদ্মা রেল সংযোগ প্রকল্পের ৩৪ নম্বর পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্র তাপে পিলারটির বাইরের প্লাস্টার খসে পড়েছে, বেরিয়ে এসেছে ভেতরের রড। এ ঘটনায় ঝুঁকি এড়াতে পিলারটির ওপর দিয়ে ট্রেন চলাচলের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা রেলস্টেশন এলাকায় পিলারটির পাশের একটি স্থানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে পিলারসংলগ্ন একটি জুতার কারখানা, পুরোনো কাপড়ের মার্কেট, একতলা একটি বাড়ি ও একটি টিনশেড ঘর পুড়ে যায়। পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের চীনা প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের দিনই পদ্মা রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পিলারটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেয়। এ ছাড়া আগুনের কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা আবুল হাসান জানান, ৩৪ নম্বর পিলারের নিচে একতলা মার্কেটের একটি জুতা তৈরির দোকান রয়েছে। সেখানে প্লাস্টিকের স্যান্ডেল এবং উৎপাদনের পর অবশিষ্ট বর্জ্য বস্তায় ভরে পিলারের নিচে স্তূপ করে রাখা হয়েছিল। তাঁর ধারণা, রাতের আঁধারে শত্রুতাবশত অথবা সিগারেটের অবশিষ্টাংশ থেকে ওই বস্তায় আগুনের সূত্রপাত হতে পারে। পরে আগুন দ্রুত আশপাশের কারখানা ও মার্কেটে ছড়িয়ে পড়ে। পাগলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, সাধারণ অগ্নিকাণ্ডে তাপমাত্রা ২০০ থেকে ২৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও প্লাস্টিকজাত দাহ্য পদার্থের কারণে এ আগুনের তাপমাত্রা প্রায় ৫০০ থেকে ৬০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তাঁর মতে, অতিরিক্ত তাপের কারণেই কংক্রিটের পিলারের বাইরের প্লাস্টার খসে পড়েছে এবং ভেতরের রড বেরিয়ে এসেছে। এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে সন্দেহ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। তিনি বলেন, আমরা ঘটনাটিকে নাশকতার অংশ বলেই সন্দেহ করছি। স্থানীয় এক নিরাপত্তাকর্মীর মাধ্যমে আমরা জানতে পেরেছি, চারজন দুর্বৃত্তের একটি গোপন বৈঠক হয়েছিল। রাস্তায় আমাদের দলীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা পদ্মা রেল সেতুর পাশের পরিত্যক্ত জায়গায় থাকা জুতার কারখানায় আগুন ধরিয়ে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে, আশা করি দ্রুতই সত্য উন্মোচিত হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের প্রকৌশলীরা পিলারটির প্রয়োজনীয় সংস্কারকাজ করছেন।
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়েছে প্লাস্টার
