পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। দলের অন্যতম প্রধান পেসার আলজারি জোসেফ চুক্তিভূক্ত খেলোয়াড় হওয়ার কারণে স্বাভাবিকভাবেই ছিলেন দলে; কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এমন এক তারকা পারফরমারকে হারিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দল ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছিল, ব্যক্তিগত কারণে আলজারি জোসেফকে পাওয়া যাবে না। তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানান প্রধান কোচ ড্যারেন স্যামি। স্যামি বলেন, ‘হ্যাঁ, এটি আমাদের জন্য বড় ক্ষতি। আলজারি জোসেফ দলের জন্য নির্বাচিত হয়েছিল; কিন্তু সে দলে খেলতে রাজি হয়নি। এটাই বাস্তবতা।’ তিনি জানান, ইনজুরি কাটিয়ে সদ্য ফেরার পরও জোসেফ সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‘সে দলে ছিল। ইনজুরি থেকে ফিরেছে। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে সে নির্বাচনে সাড়া দেয়নি। এটি আমার সিদ্ধান্তের বিষয় নয়। চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার যদি নির্বাচিত হওয়ার পরও খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে সেই বিষয়টি বোর্ডের পরিচালকদের দেখার দায়িত্ব’- বলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪২ ম্যাচে ১৩০ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিয়মিত খেলেছেন এই ডানহাতি পেসার। ফলে তার অনুপস্থিতি ক্যারিবীয়দের বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।
পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালেন আলজারি জোসেফ
