ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ৬ প্রবীণ সাংবাদিককে সম্মাননা প্রদানের বিষয়টি জেলাব্যাপী প্রশংসিত হচ্ছে

খাদেমুল ইসলাম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার উদ্যোগে ৬ প্রবীণ সাংবাদিককে সম্মাননা প্রদানের বিষয়টি জেলাব্যাপী বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। সম্মাননা পাওয়া প্রবীণ সাংবাদিকগণ হচ্ছেন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এ এ কে মাহমুদুল হাসান দারা মিয়া, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি বাবু সুশান্ত দেব কানু, দৈনিক নয়া দিগন্ত ও ডেইলি নিউনেশনের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, দৈনিক বাংলার বাণী ও আরটিভির সাবেক জেলা প্রতিনিধি সুজিত রায়, বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম হুসনা ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জামালপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি অজিতসোম কানু (মরণোত্তর)। শুক্রবার বিকেলে জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে কার্যালয় উদ্বোধন ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক ও বিশেষ অতিথি হিসেবে জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ্ব মো. হাফিজ রায়হান সাদা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালেকুজ্জামান চৌধুরী রাজিব ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জীবন আমীর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর শাখার সভাপতি শাহাবুল আকন্দ, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওইদিন প্রধান অতিথি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা কার্যালয় উদ্বোধন, মহান মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী প্রদর্শন ও পরে আলোচনা সভায় যোগদান করেন। সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, চিত্র সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন। শেষে প্রবীণ সাংবাদিকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জামালপুর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্জ্ব মো. হাফিজ রায়হান সাদাসহ অতিথিবৃন্দ।