বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম চলবে: আমির খসরু

বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম অব্যাহত রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, “জেলার মধ্যে প্রায় সাত লাখের উপরে মানুষ পানিবন্দি। ৭৫ হাজার পরিবারকে চাল-ডাল শুকনা খাবার দেওয়া হয়েছে। ৪০ হাজার পরিবারকে রান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা অব্যাহত আছে। এটা চলতে থাকবে। “এর পরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এবং স্বাস্থ্যসেবা। বন্যার পরে সাধারণত একটা প্রকোপ দেখা যায়। সেজন্য ওষুধ সব প্রস্তুত আছে। কোনো রোগ দেখা দিলে তার জন্য সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত আছে।” তিনি বলেন, “যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হয়, ততক্ষণ সরকারের পক্ষ থেকে সমস্ত কার্যক্রম অব্যাহত থাকবে।” গতকাল শুক্রবার সকালে অর্থমন্ত্রী নগরীর পতেঙ্গা মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে, হাদি পাড়া ও খেজুর তলি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। সিটি মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসময় উপস্থিত ছিলেন।