ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেনে। গতকাল সোমবার সকালে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৯); একই এলাকার ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৮)। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা সকালে চারগাছ এলাকায় ইটভর্তি একটি ট্রাক মূলগ্রাম এলাকা থেকে চারগাছ এলাকায় আসার পথে মান্দারপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুজন ইট খালাসি শ্রমিক ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও হেলপারকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় জেনারেল হাসপাতালে পাঠান। নিহত দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন। কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, পরিবারের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।