যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে -নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, আমরা শুনেছি এখন নাকি রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতি এত বছর পরে মনে হলো তার পদত্যাগ করার প্রয়োজন। রাষ্ট্রপতি পদত্যাগ করবে না। হয়তো সরকারই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। চিন্তা করে দেখুন এই বিএনপি সরকার যারা বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে যারা সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারে নাই। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না সে দেশ পরিবর্তন করবে কীভাবে। আমরা মনে করি ফ্যাসিস্টের দোষর চুন্নু পদত্যাগ করলেই হবে না। পদত্যাগের সাথে তাকে গ্রেপ্তার করতে হবে। গত বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেলে ফৌজদারি মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মোশাররফ হোসেনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার যুগ্ম-আহবায়ক আইনজীবী আবু সাঈদ শামীম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ হাসান, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল প্রমুখ। জুলাই পথসভার আগে শহরের দয়াময়ী মোড় থেকে এক জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
জুলাই পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।