রাষ্ট্রপতির এলাকাসহ ১১ সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট আসনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এতে বাস্তবে কোনো আসনের সীমানা পরিবর্তন হয়নি, কেবল প্রশাসনিক পুনর্বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য আনতে কাগজে-কলমে সংশোধন করা হয়েছে। গতকাল রোববার এ গেজেট প্রকাশ করে ইসি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের পর সংসদীয় আসনের সীমানা প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এ সংশোধন আনা হয়েছে।
যেসব আসনের সীমানা সংশোধন
গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১ আসনের সীমানা সংশোধন করা হয়েছে।
কোথায় কী পরিবর্তন
ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার পাশাপাশি নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ দুটি উপজেলার অনুমোদন দেওয়া হয়। বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার সঙ্গে নতুন মোকামতলা উপজেলাকে যুক্ত করা হয়েছে। একইভাবে ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে দক্ষিণ গফরগাঁও উপজেলা অন্তর্ভুক্ত হয়েছে, যা গত জুলাইয়ে নিকারের অনুমোদন পায়। পিরোজপুর-১ আসনে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদ যুক্ত করা হয়েছে। ওই ইউনিয়ন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানাও পুনর্র্নিধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। এ ছাড়া কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে বাঙ্গরা উপজেলা, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে নতুন মাতারমুহুরি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এসব পরিবর্তনের ফলে ভোটারদের আসন পরিবর্তন হচ্ছে না। প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রতিফলন ঘটাতেই সংসদীয় আসনের গেজেট হালনাগাদ করা হয়েছে।