শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিরোধীদল। সেইসঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। অস্ট্রেলিয়া সফর শেষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য করতে হবে। দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনও পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। সব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি ও মো. সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয়। দুদেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিরা আমীরে জামায়াতের প্রোগ্রামে অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। দেশের উন্নয়নে তারা আরও বেশি অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি ও মুহাম্মদ নজরুল ইসলাম।