সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। একই দিন ইয়েমেনের হুথিদের ছোঁড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে নতুন এ ঘটনা ঘটল। বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, গতকাল বুধবারের বিস্ফোরণের আগে সাধারণত আকাশপথে হামলার আশঙ্কা থাকলে মোবাইল ফোনে যে সতর্কবার্তা পাঠানো হয়, তা দেওয়া হয়নি। রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শোনা খুবই আতঙ্কের। এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের সময় তার বাড়ির দরজাগুলো খুলে যায় এবং কিছুক্ষণের জন্য বিদ্যুৎও চলে যায়। বিস্ফোরণের সঠিক স্থান তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শহরের উত্তর-পূর্বাঞ্চলে রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া উঠতে দেখা গেছে। গত অক্টোবরেও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে প্রাণঘাতী হামলা হয়েছিল। ওই হামলায় ১৪ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। হামলার পর দুই সপ্তাহের জন্য বিমান চলাচল বন্ধ রাখতে হয়েছিল। বুধবারের বিস্ফোরণের কয়েক মিনিটের মধ্যেই সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিরা রিয়াদ অঞ্চল লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে। এর আগে একই অঞ্চলের দিকে ছোঁড়া আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল জোটটি। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়েমেন সীমান্তের কাছে দেশটির দক্ষিণাঞ্চলের জাজান, নাজরান ও খামিস মুশাইত এলাকায় আগাম সতর্কতা ব্যবস্থা চালু করা হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে হুতিদের সঙ্গে চলমান সংঘাতে জড়িত এই জোটের বিরুদ্ধে গত জুলাই থেকে হামলার পরিমাণ বেড়েছে। বিশে^র অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সংঘাত অনেকটা কমে এসেছিল। তবে গত জুলাইয়ে আবারও লড়াই শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে। নতুন করে সংঘাত শুরুর পর হুতিরা বেশ কিছু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং এখন সরকারের অন্তর্র্বতী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত গ্রীষ্ম থেকে ইয়েমেনের সংঘাতে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন তিন লাখেরও বেশি মানুষ। সূত্র: এএফপি