হারের হতাশায় নৈশভোজ বাতিল করলো ম্যানইউ

উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর মাঠের বাইরে অস্বস্তিতে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। হারের হতাশা এবং ক্লাবের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে লিসান্দ্রো মার্তিনেজের ক্ষোভ প্রকাশের ঘটনার মধ্যে গত বৃহস্পতিবারের নির্ধারিত টিম ডিনার বাতিল করেছেন খেলোয়াড়েরা। দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলের একসঙ্গে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। কিন্তু স্পেনের রাজধানীতে হতাশাজনক হারের পর সেই পরিকল্পনা বাতিল করা হয়। অ্যাতলেতিকোর কাছে হারের পর আলোচনার কেন্দ্রে ছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্তিনেজ। ক্লাবের ফুটবল পরিচালক জেসন উইলকক্সের সমালোচনা করে তিনি বলেন, শীর্ষ পর্যায়ের প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট মানের খেলোয়াড় দলে নেই। ঘটনার ২৪ ঘণ্টা পর প্রকাশ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মার্তিনেজ। তিনি জানান, কাক্সিক্ষত ফল না পাওয়ার হতাশা ও ক্ষোভ থেকেই এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। দলের নৈশভোজ বাতিলের পেছনে মার্তিনেজকে ঘিরে তৈরি হওয়া বিতর্কও ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। চোটের কারণে একাধিক খেলোয়াড়কে না পাওয়ায় দল নির্বাচন নিয়ে হতাশ ছিলেন এই ডিফেন্ডার। অ্যাতলেতিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যারিককে সেন্টার-ব্যাক আয়ডেন হেভেনকে খেলাতে হয় লেফট-ব্যাক পজিশনে। মার্তিনেজের মতে, ঘরের মাঠের বাইরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একজন খেলোয়াড়কে তার অপরিচিত পজিশনে খেলানোর প্রয়োজনীয়তা দলের দুর্বলতা তুলে ধরে। তবে তার সমালোচনা হেভেনকে লক্ষ্য করে ছিল না। বরং দলবদলের বাজারে স্বীকৃত কোনো লেফট-ব্যাক দলে নিতে না পারায় ক্লাবের পরিচালকদের ওপরই ক্ষুব্ধ ছিলেন মার্তিনেজ। সাম্প্রতিক দলবদলে রক্ষণভাগের বিকল্প বাড়ানোর চেষ্টা করেছিল ইউনাইটেড। কিন্তু তাদের প্রধান লক্ষ্য পূরণ হয়নি। লেফট-ব্যাক সমস্যার সমাধানে নিউক্যাসল ইউনাইটেডের লুইস হলকে অগ্রাধিকার দিয়েছিল ক্লাবটি। তবে এই ডিফেন্ডারকে ছাড়তে রাজি হয়নি নিউক্যাসল।