ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসের বাধ্যবাধকতা থাকছে না

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদের জন্য নির্ধারিত ন্যূনতম স্নাতক পাসের শর্তটি বাতিল করতে যাচ্ছে সরকার। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে এই পদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা শিথিল করা হচ্ছে। এর ফলে আবারও আগের নিয়ম কার্যকর হতে যাচ্ছে, যেখানে সভাপতি পদের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ রিভিউ–সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের যে শর্ত ছিল, তা আর থাকছে না। ফলে ২০২৪ সালের আগে যে নিয়ম চালু ছিল, সেটিই পুনর্বহাল করা হবে। অর্থাৎ, এই পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না।

এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতাও আর থাকছে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। নতুন প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনজনের একটি নামের তালিকা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। সেখান থেকে একজনকে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করবে শিক্ষাবোর্ড।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের মে মাসের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন ছিল না। পরে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের মে মাসে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ প্রণয়ন করে।

ওই প্রবিধানমালায় বলা হয়েছিল, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না। পরে উচ্চ আদালতের নির্দেশনায় অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৩১ আগস্ট প্রবিধানমালা সংশোধন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করে।

এবার সেই নিয়ম বাতিল করে আবারও ২০২৪ সালের আগের নিয়মে ফিরতে যাচ্ছে সরকার। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হওয়ার ক্ষেত্রে আর কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য থাকবে না।