চলতি অর্থবছরে ৩১৮ কিমি খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে: পানিসম্পদমন্ত্রী

চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ৩১৮ দশমিক ৬৩৯ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। গতকাল বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে পানিসম্পদমন্ত্রী এসব তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশের কৃষি, সেচ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নতির লক্ষে চলতি অর্থ বছরের অবশিষ্ট সময়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় মোট ৩১৮ দশমিক ৬৩৯ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য যে, গত ১৬ মার্চ প্রধানমন্ত্রী দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু করেন। আপনাকে আরও অবগত করছি, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় চলমান প্রকল্পের মাধ্যমে জুন ২০২৬ পর্যন্ত পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন, পুনঃখনন করবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক জুন ২০২৬ পর্যন্ত কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য), কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টিআর (টেস্ট রিলিফ) এর মাধ্যমে ১৫০০ কিলোমিটার খাল পুনঃখনন, সংস্কার করা হবে। পানিসম্পদমন্ত্রী বলেন, পরবর্তীতে, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন করার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নতুন এবং চলমান প্রকল্পের আওতায় অবশিষ্ট খাল খনন/পুনঃখনন সম্পন্ন করবে।