মাদারগঞ্জে মিথ্যা মামলা, নারী নির্যাতন ও ফসলের ক্ষয়ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মিথ্যা মামলা, নারী নির্যাতন এবং কৃষকের ফসল নষ্ট করার প্রতিবাদে উপজেলার বড় ভাঙবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার বড় ভাঙবাড়ী এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একই সঙ্গে নারীদের ওপর নির্যাতন এবং কৃষকদের জমির ফসল নষ্ট করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সোনা মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন মোছাঃ আসমা বেগম, মোঃ ফরিদ, মাজেদ আলী, আলমগীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কিন্তু একটি চক্র মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছে। নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং কৃষকদের কষ্টের ফসল নষ্ট করা হচ্ছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়বে।”তারা আরও বলেন, অভিযুক্ত সেলিম ও রফিকুলের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।