নিজস্ব সংবাদদাতা
পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে জামালপুর সদর থানা প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.আব্দুল কাইয়ুম বলেন,বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ দেয়ার কথা বলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কাইয়ুমের ছেলে কাফি আল সাকিব সিয়ামের কাছে ২৫ (পঁচিশ) লক্ষ টাকা দাবি করেন। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে প্রার্থীর কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প গ্রহণসহ একটি চুক্তিপত্র তৈরী করা হয়।
বিষয়টি নিয়ে সন্দেহ হলে জামালপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কে অবহিত করেন প্রার্থী কাফি আল সাকিব। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে জামালপুর পৌর শহরের ফৌজদারী মোড় থেকে জেলার মেলান্দহ উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শরিফুল ইসলাম শিশির(২৭) ও পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে রকিবুল ইসলাম রকিব(৩৮)কে গ্রেফতার করেন। এ প্রসঙ্গে জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন,বাংলাদেশ পুলিশে নিয়োগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদবির,আর্থিক লেনদেন কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই। এ ঘটনায় জামালপুর সদর থানায় আজ শনিবার একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা : দুই প্রতারক গ্রেফতার
