আজ পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে পারেন বলে জোর গুঞ্জন ছড়িয়েছে। দেশটির সাপ্তাহিক পত্রিকা অবজারভার এক প্রতিবেদনে দাবি করেছে, স্টারমার আজ পদত্যাগের ঘোষণা দিয়ে ক্ষমতা ছাড়তে পারেন। তবে সরকারের একটি সূত্র এ দাবি নাকচ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী এখনও সরকার পরিচালনার কাজেই পুরোপুরি মনোযোগী রয়েছেন। গত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে চাপ বাড়ছিল। তবে উত্তর ইংল্যান্ডে সংসদের একটি গুরুত্বপূর্ণ উপনির্বাচনে অ্যান্ডি বার্নহ্যাম জয় পাওয়ার পর সেই চাপ আরও বেড়ে যায়। পার্লামেন্টে আসন নিশ্চিত হওয়ায় এখন তিনি আনুষ্ঠানিকভাবে লেবার পার্টির নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ জানাতে পারবেন। অবজারভারের প্রতিবেদনে বলা হয়, স্টারমার তার গ্রামীণ সরকারি বাসভবন চেকার্সে স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিষয়টি বিবেচনা করছেন। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই আশা করছেন, আজকের মধ্যেই তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট অবস্থান জানাবেন।