মদ্রিচের সাথে চুক্তির মেয়াদ বাড়ালো এসি মিলান

ক্রোয়েশিয়ার কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচের বয়স ৪০ পার হয়ে গেছে। এই বয়সে অনেকেই বুটজোড়া তুলে রেখে দিব্যি কোচিং করে যাচ্ছেন। অথচ, মদ্রিচ এখনই থামছেন না। আরও এক মৌসুম এসি মিলানের জার্সিতে খেলবেন। ইতালিয়ান সিরি ‘আ’ ক্লাবটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ৪০ বছর বয়সী এই তারকা। গত বছর ১৩ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে রিয়াল মাদ্রিদ ছেড়ে এসি মিলানে যোগ দেন মদ্রিচ। তার আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল চলতি বছরের ৩০ জুন। তবে নতুন চুক্তির মাধ্যমে আরও এক মৌসুম সান সিরোতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই মিডফিল্ডার। গত মৌসুমে এসি মিলানের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলেছেন মদ্রিচ। এ সময়ে তিনি দুটি গোল করেন। তবে দল হিসেবে খুব একটা সফল ছিল না মিলান। সিরি ‘আ’-তে পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা, আর কোপা ইতালিয়ায় বিদায় নেয় শেষ ষোলো থেকেই। ২০২৬ বিশ^কাপ শেষে মদ্রিচ জানিয়েছিলেন, ক্লাবে থাকবেন নাকি অবসর নেবেন, সে সিদ্ধান্ত নেবেন টুর্নামেন্টের পর। বিশ^কাপে ক্রোয়েশিয়া পর্তুগালের কাছে হেরে শেষ ৩২ থেকেই বিদায় নেওয়ার পর অবশেষে ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ এই ফুটবলার। চুক্তি নবায়নের ঘোষণা দিয়ে এসি মিলান এক বিবৃতিতে বলেছে, ‘লুকা মদ্রিচ আরও এক মৌসুমের জন্য, অর্থাৎ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি মাঠে ও মাঠের বাইরে নিজের অভিজ্ঞতা, গুণগত মান, বিনয় এবং অসাধারণ পেশাদারিত্ব দিয়ে দলকে সমৃদ্ধ করেছেন। বিশ^ ফুটবলের অন্যতম সেরা ও আইকনিক এই ফুটবলার নতুন লক্ষ্য অর্জনের প্রত্যয়ে রোসোনেরির জার্সিতে তার যাত্রা চালিয়ে যাবেন।’ আগামী মৌসুমেও ১৪ নম্বর জার্সিতেই খেলবেন মদ্রিচ। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন মদ্রিচ। শুরুটা কঠিন হলেও সময়ের সঙ্গে নিজেকে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রায় ৬০০ ম্যাচ খেলে রিয়ালের হয়ে জিতেছেন প্রায় ৩০টি বড় শিরোপা। এর মধ্যে রয়েছে রেকর্ড ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং চারটি লা লিগা শিরোপা। ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতে দীর্ঘদিনের লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য ভেঙেছিলেন মদ্রিচ। বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, দূরদৃষ্টি এবং খেলার গতি নিয়ন্ত্রণের অসাধারণ দক্ষতায় তিনি আধুনিক ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের ইতি টেনে এসি মিলানে যোগ দেন তিনি। নতুন মৌসুমে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিমের অধীনে খেলবেন মদ্রিচ। জুন মাসে বরখাস্ত হওয়া মাসিমিলিয়ানো আলেগ্রির স্থলাভিষিক্ত হন আমোরিম।