শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠন সমূহের যেকোনো ধরনের অপতৎপরতা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদল।
২৮ জুন রবিবার বিকালে নালিতাবাড়ী পৌর শহরের গাজীখামার স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এ সময় এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপন সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুব নেতা মো. শওকত হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ, নালিতাবাড়ী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাপ্পু, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রমুখ। এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহাগ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনি, যুগ্ম আহ্বায়ক অনিক, সানি, রাব্বি ও পৌর ছাত্রদল নেতা স্বপন এবং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সুমায়েলসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুরের নালিতাবাড়ীতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
