শেরপুরে ফল উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর সংবাদদাতা
শেরপুরে সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে ফল উৎসব ও স্থানীয় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার ২৯ জুন দুপুরে সরকারি গণগ্রন্থাগার হলরুমে গণগ্রন্থাগারের বিভিন্ন শ্রেণী পেশার পাঠকদের নিয়ে এ ফল উৎসব ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবুল খায়ের, সহকারি তথ্য অফিসার রায়হানুল আলম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, ডা: সেকান্দর আলী কলেজের লাইব্রেরীয়ান শফিউল আলম চাঁন প্রমুখ। ফল উৎসবে দেশীয় আম, জাম, লিচু, কাঁঠাল, পেঁপে, লটকন, আনারস ও ড্রাগন ফল পরিবেশন করা হয়। একই সাথে স্থানীয় লোকজ সাংস্কৃতির হারিয়ে যাওয়া পুঁথি কাব্য পাঠ করেন শেরপুরের বিশিষ্ট কবি এমএইচ মুকুল।