রফিকুল বারী
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন (২৫) উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের জোড়খালী মোসলেমাবাদ এলাকার বাসিন্দা ভুট্টুর ছেলে মামুন (২৩)।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার
জামথল চর সনচোর মোড় এলাকার দুলাল উদ্দিনের মেয়ে সিমা আক্তার (১৯) কে দুই বছর আগে বিদেশ থেকে মোবাইল বিয়ে করেছিল সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বিদেশে অবস্থানকালে মোবাইল ফোনের মাধ্যমে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকার এক তরুণীকে বিয়ে করেন মামুন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।
গত শুক্রবার বিকেলে স্ত্রীকে নিয়ে মাদারগঞ্জের হাওয়াই রোড এলাকায় ঘোরাঘুরির পর স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে চাইলে মেয়ের পরিবারের সদস্যরা তাতে আপত্তি জানান। পরে তিনি শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে সঙ্গে নেওয়ার অনুরোধ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি বিষপান করেন বলে দাবি করেছেন স্বজনরা।
গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে নেওয়ার পথে হাজড়াবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, নিহতের বাড়ি মাদারগঞ্জে হলেও তার শ্বশুরবাড়ি সারিয়াকান্দি উপজেলার জামথল এলাকায়। ছেলের পরিবারের দাবি, মেয়ের পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বিষপান করিয়েছে। তবে এ অভিযোগের সত্যতা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, মৃত্যুর পর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য জামালপুর সদর থানার মাধ্যমে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের স্বজনরা মাদারগঞ্জ থানায় অভিযোগ দিতে এলেও ঘটনাস্থল সারিয়াকান্দি উপজেলাধীন হওয়ায় তাদের অভিযোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্ত্রীকে নিতে গিয়ে শ্বশুরবাড়িতে বিষপান, মাদারগঞ্জের যুবকের মৃত্যু
