জামালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

oplus_1024

নিজস্ব সংবাদদাতা
“তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার ১২ জুলাই দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও সনদ বিতরণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন বলেন, জনসংখ্যা একটি দেশের আশীর্বাদ, আবার জনসংখ্যা একটা দেশের অভিশাপ। একটি সন্তান যদি যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠে, সেই সন্তানটি সেই পরিবারের আশীর্বাদ এবং সমাজ ও দেশের জন্য আশীর্বাদ। আর যদি যোগ্য সন্তান হিসেবে গড়ে তোলা না যায় তাহলে একটা পরিবারের জন্য অভিশাপ। আমাদের দেশে আর্থিক বা সার্বিক সংগতি অনুযায়ী জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের জন্য বড় ধরনের একটা প্রয়োজনীয় ও কার্যকরী বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আমাদের দেশের জনসংখ্যার বড় একটা অংশ অশিক্ষিত। তারা মফস্বলে বসবাস করে। এখনো অনেক মানুষ আছে যারা সন্তান জন্ম দেওয়াকে মনে করে আল্লাহ দিয়েছে। আল্লাহ খাবার দিবে এমন মন-মানসিকতার মানুষ এখনো আমাদের সমাজে আছে। এই কারণে জনসংখ্যার বড় একটা অংশ বিপথগামী। এইজন্য সমাজে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। দেশ এখন মাদকে ভরে গিয়েছে। স্কুলে ছাত্ররা এখন কিশোর গ্যাং-এ পরিণত হচ্ছে। এই জনসংখ্যা বৃদ্ধির জন্য আজ সমাজে নানা ধরনের ফেতনা সৃষ্টি হচ্ছে। এতে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলী আমজাদ দপ্তরী। জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আক্তার, জামালপুর এফপিএবি’র সভাপতি শহিদুল হক খান দুলাল প্রমুখ। আলোচনা সভা শেষে মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ সেবাদানকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।