জামালপুরে গ্রাম আদালত বিষয়ে উপজেলা রিসোর্স টিমের রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আসমাউল আসিফ
জামালপুরে গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টিম সদস্যদের রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শহরের একটি হোটেলে সোমবার ও মঙ্গলবার ১৫ ও ১৬ জুন দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করে জেলা প্রশাসন। প্রশিক্ষণ শেষে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায় এর আওতায় জমালপুর জেলার ৭টি উপজেলা- জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, বকশীগঞ্জ, সরিষাবাড়ী উপজেলা রিসোর্স টীম এর সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের একটি স্বনামধন্য হোটেলে দুই দিন ব্যাপী দুই ব্যাচের সমন্বয়ে এই রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা রিসোর্স টীমের সকল সদস্যসহ মোট ৫২ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা ও সমন্বয় করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান। প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক প্রচারণা ও গুরুত্ব নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণে গ্রাম আদালত সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয় ও বিস্তারিত আকারে গ্রাম আদালতের তাৎপর্য বিশ্লেষণ করা হয়।
প্রশিক্ষণ শেষে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৌসুমী খানম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রোকোনুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, গ্রাম আদালত তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিচ্ছে। এর ফলে স্থানীয় ছোটখাটো বিরোধের সহজ মীমাংসা হচ্ছে, যা উচ্চ আদালতের চাপ কমানোর পাশাপাশি গ্রামীণ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখছে। গ্রাম আদালতকে আরও বেশী জনপ্রিয় ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহবান জানান।