জামালপুরে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

জাহাঙ্গীর আলম
জামালপুর সদর উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক বিদ্যালয়ের ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় সাধারণ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ২ সেপ্টেম্বর সকালে শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা বৃত্তিপ্রাপ্ত ৩৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।