জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে স্থানীয় সরকার গাইডলাই ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা

তানভীর আহমেদ হীরা
ই-সিগারেট, ভেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করে শিশু ও তরুণদের সুরক্ষার দাবি জানানো হয়েছে জামালপুরে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি বন্ধ, তামাক বিক্রিতে পৃথক ট্রেড লাইসেন্স চালু এবং তামাক নিয়ন্ত্রণে পৌরসভার শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বক্তারা।গতকাল বুধবার ১৪ অক্টোবর দুপুরে জামালপুর পৌরসভার মিলনায়তনে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। জামালপুর পৌরসভার আয়োজনে এবং বাংলাদেশ তামাকবিরোধী জোট ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় ‘স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের সভাপতি এম এইচ মজনু মোল্লা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান লিখন, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জামালপুরের সভাপতি সাংবাদিক তানভীর আহমেদ হীরা, লেখক ও গবেষক মশিউল আলম বাবলু, সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শামীমা বেগম রুবি এবং সাংবাদিক মীর জাহাঙ্গীরসহ অন্যান্যরা। আলোচনায় বক্তারা বলেন, তামাকজাত পণ্যের উৎপাদন, বিক্রি ও ব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তামাকজাত পণ্য বিক্রির ক্ষেত্রে পৃথক ট্রেড লাইসেন্সের ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়াতে পৌরসভার উদ্যোগে শক্তিশালী কমিটি গঠন করা জরুরি। বক্তারা শিশু-কিশোর ও তরুণদের তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন ও স্থানীয় সরকার গাইডলাইন কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।