আইপিএলের ২০২৭ মৌসুম শুরুর আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তাঁর কোচিংয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই জিতেছে তিনটি শিরোপা। তবে ২০২৬ সালের আসরে হতাশাজনক পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে দীর্ঘ পথচলায় ইতি টানছেন তিনি। দায়িত্ব ছাড়ার পর নিজের পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু জানাননি জয়াবর্ধনে।
গতকাল শনিবার এক বিবৃতিতে জয়াবর্ধনের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১৭ সালের আইপিএলের আগে প্রথমবার দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পান তিনি। ২০২২ মৌসুম পর্যন্ত দায়িত্ব পালনকালে তাঁর অধীনেই ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপা জেতে মুম্বাই। ২০১৯ ও ২০২০ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।
২০২২ সালে প্রধান কোচের দায়িত্ব ছাড়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের বৈশি^ক কার্যক্রমে যুক্ত হন জয়াবর্ধনে। দক্ষিণ আফ্রিকার এসএ২০, সংযুক্ত আরব আমিরাতের আইএলটি২০ এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটেও দল গড়ে মুম্বাইয়ের মালিকপক্ষ। এসব প্রতিযোগিতায় ফ্র্যাঞ্চাইজিটির কার্যক্রম ও পারফরম্যান্স তদারকির দায়িত্ব পান জয়াবর্ধনে।
২০২৪ সালের আইপিএলে মুম্বাইয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও প্রধান কোচের দায়িত্বে ফেরেন তিনি। ২০২৫ সালের আসরের আগে মার্ক বাউচারের স্থলাভিষিক্ত হন জয়াবর্ধনে। তাঁর অধীনে ওই মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছেছিল মুম্বাই। কিন্তু ২০২৬ সালের আসরে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। ১০ দলের প্রতিযোগিতায় নবম স্থানে থেকে মৌসুম শেষ করে তারা।
জয়াবর্ধনের বিদায়ে তাঁর অবদানের কথা স্মরণ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক নীতা আম্বানি। তিনি বলেন, “বছরের পর বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য মাহেলার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শান্ত নেতৃত্ব, সততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা আমাদের কাছে অনেক মূল্যবান।”
মুম্বাই ইন্ডিয়ান্স পরিবারের পক্ষ থেকে জয়াবর্ধনেকে ধন্যবাদ জানিয়ে নীতা আম্বানি আরও বলেন, তাঁর অবদান ও দীর্ঘদিনের নিষ্ঠা ফ্র্যাঞ্চাইজিটির কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। একসঙ্গে কাটানো সময় ও তৈরি করা স্মৃতিগুলোও তাঁদের কাছে অমূল্য হয়ে থাকবে।
দায়িত্ব ছাড়ার বিষয়ে জয়াবর্ধনে বলেন, “এক দশকের বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স আমার পথচলার খুব বিশেষ একটি অংশ। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সমর্থকদের অবিশ^াস্য সমর্থন এই অভিজ্ঞতাকে এমন কিছুতে পরিণত করেছে, যা আমি সব সময় মনে রাখব।”
মুম্বাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ায় নীতা আম্বানি ও আকাশ আম্বানির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জয়াবর্ধনে বলেন, “আমরা একসঙ্গে কিছু অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি, চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এমন কিছু গড়ে তুলেছি, যা নিয়ে আমরা গর্ব করতে পারি। বছরের পর বছর আমার ওপর আস্থা রাখা, সমর্থন দেওয়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য তাঁদের আন্তরিক ধন্যবাদ।”
মুম্বাইয়ের হয়ে অর্জন নিয়ে গর্বিত জয়াবর্ধনে বিদায়বেলায় দলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন। তিনি বলেন, মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় তাঁর হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে এবং আগামী বছরগুলোতেও দলটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।
জয়াবর্ধনের বিদায়ের পর ২০২৭ সালের আইপিএলের জন্য নতুন প্রধান কোচ খুঁজতে হবে মুম্বাইকে। নভেম্বরের মাঝামাঝি খেলোয়াড় ধরে রাখার সময়সীমা সামনে থাকায় কোচ নিয়োগের বিষয়টিও ফ্র্যাঞ্চাইজিটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নতুন কোচ হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।
জয়াবর্ধনের আগে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও দায়িত্ব ছেড়েছেন। চেন্নাইকে পাঁচটি আইপিএল শিরোপা জেতানো ফ্লেমিং এবার ইংল্যান্ডের টেস্ট দলের কোচের দায়িত্ব নিয়েছেন। আইপিএলের নতুন মৌসুমের আগে দুই সফল কোচের বিদায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
আইপিএলের আগে মুম্বাইয়ের কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে
