ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও কলা কৌশল প্রদর্শন

ঝিনাইগাতী সংবাদদাতা
‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও হাতধোয়ার কলাকৌশল প্রদর্শন করা হয়। দিবসটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীনের সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইলিয়াস সাহা সারোয়ারের সঞ্চালনায় দিবসটি পালিত হয়। অন্যান্যদের মধ্য থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিত রাণী ভৌমিক, মৎস্য কর্মকর্তা রজব আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফা সাদরিয়া স্বর্ণালী, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রেজ্জাক ও সহকারী শিক্ষক রোস্তম আলী প্রমুখও। এসময় ইউএনও আল-আমীন বলেন, “শুধু বিশ্ব হাত ধোয়া দিবসে নয়, প্রতিদিনের জীবনে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর ভালোভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এ অভ্যাস ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা নিজেরা এ অভ্যাস মেনে চলার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারে। সুস্থ-সবল জীবন গড়তে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিরাপদ স্বাস্থ্যচর্চার বিকল্প নেই বলে পরামর্শ বক্তব্য রাখেন।