শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তমা মির্জার। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের জন্য তখন পারিশ্রমিক পেয়েছিলেন ৩ লাখ টাকা। দেড় দশকের বেশি সময় পেরিয়ে সেই তমা এখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পাশাপাশি বড় পর্দা ও ওটিটিতে নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি।
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তমার। সেই আগ্রহ ও নাচের অভিজ্ঞতা থেকেই বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু। ২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন শাকিব খান। বড় তারকার সঙ্গে অভিষেক হলেও চলচ্চিত্রে শুরুর পথটা সহজ ছিল না।
প্রথম দিকের সিনেমাগুলো প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি। নিজের পছন্দের গল্প, চরিত্র কিংবা বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগও শুরুতে খুব বেশি পাননি। পাঁচ বছর আগে এক সাক্ষাৎকারে তমা জানিয়েছিলেন, বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা দিয়ে তাঁর ক্যারিয়ার শুরু হয়নি। নিজের জায়গা তৈরি করতে তাঁকে সংগ্রাম করতে হয়েছে।
‘ও আমার দেশের মাটি’ বদলে দেয় ভাবনা
শুরুর দিকে নায়িকা হওয়ার স্বপ্ন থাকলেও সময়ের সঙ্গে অভিনয়শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার দিকে মনোযোগ দেন তমা। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় অভিনয়ের পর তাঁর ভাবনায় পরিবর্তন আসে।
২০২১ সালের এক সাক্ষাৎকারে তমা বলেছিলেন, এই সিনেমার পর তিনি বুঝতে পারেন, চলচ্চিত্রে টিকে থাকতে হলে পরিশ্রমের পাশাপাশি ভালো কাজ বেছে নেওয়া জরুরি। অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলার পেছনে পরিচালক কাজি হায়াৎ ও সোহানুর রহমান সোহানের অবদানের কথাও উল্লেখ করেছিলেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি
তমার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পাশর্^ অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। এই অর্জন তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।
এরপর ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো সিনেমায় অভিনয় করেন তমা। চরিত্রের ধরন ও অভিনয়ের বৈচিত্র্যের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে থাকেন।
ওটিটিতে ভিন্ন পরিচয়
বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও অভিনয়ের ভিন্ন দিক তুলে ধরেছেন তমা। ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে পাখি চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। চরিত্রটির প্রয়োজনে গ্ল্যামারহীন উপস্থিতি, ক্ষুধা ও অসহায়ত্ব ফুটিয়ে তুলতে শুটিংয়ের সময় কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে।
এরপর ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ ও ‘আমলনামা’র মতো কাজেও অভিনয় করেছেন তিনি। এসব কাজের মধ্য দিয়ে ওটিটিতে তাঁর পরিচিতি আরও বিস্তৃত হয়েছে।
‘সুড়ঙ্গ’ দিয়ে ক্যারিয়ারের নতুন বাঁক
২০২৩ সালে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ তমার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করে। সিনেমাটিতে আফরান নিশোর বিপরীতে ময়না চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিটি ব্যবসায়িক সাফল্য পাওয়ার পাশাপাশি তাঁর অভিনয়ও প্রশংসিত হয়। এরপর ‘দাগি’ সিনেমায় অভিনয় করেন তমা।
অভিনয়ের বাইরে ২০২৬ সালের আগস্টে নতুন পেশাগত দায়িত্ব নেওয়ার খবরও জানান এই অভিনেত্রী। একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে দায়িত্ব নেন তিনি। তবে এ কারণে অভিনয় ছাড়ছেন না, সেটিও স্পষ্ট করে জানিয়েছিলেন।
এখন সিনেমাপ্রতি পারিশ্রমিক ১৫ লাখ টাকা
অভিষেকের সময় একটি সিনেমায় অভিনয়ের জন্য তমা মির্জা পেয়েছিলেন ৩ লাখ টাকা। বর্তমানে তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫ লাখ টাকায়। অর্থাৎ প্রথম সিনেমার তুলনায় এখন একটি ছবিতে প্রায় পাঁচ গুণ বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
তবে সব সিনেমার ক্ষেত্রে পারিশ্রমিক একই থাকে না। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন কারণে এই অঙ্ক কমবেশি হতে পারে। দীর্ঘ পথ পেরিয়ে ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটিতে নিজের জায়গা তৈরি করা তমার ক্যারিয়ারের পরিবর্তনের সঙ্গে তাঁর পারিশ্রমিকের এই ব্যবধানও বেশ উল্লেখযোগ্য।
প্রথম সিনেমায় ৩ লাখ, এখন এক ছবিতে কত পারিশ্রমিক নেন তমা মির্জা?
